Article Abstract index4

ভারতীয় ভাষায় গবেষণা: ভারতীয় জ্ঞানতন্ত্রের এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ

Author: Baijayanta Bhattacharjee

DOI: https://tgjct.org/wp-content/uploads/2026/03/TGJCT_2614_001.pdf

অতি সাম্প্রতিককালে ভারত সরকার শিক্ষা মন্ত্রকের অধীনে \\\'ভারতীয় জ্ঞানতন্ত্র বিভাগ\\\' প্রতিষ্ঠা করেছে ভারতীয় চিন্তাধারাকে আধুনিক অধ্যয়ন ও গবেষণা কার্যের সাথে অন্বিত করার উদ্দেশ্যে। ২০২০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পাঁচ বছরের কিছু অধিক সময় অতিক্রান্ত। ভারতীয় জ্ঞানতন্ত্র বিষয়ে মোট গবেষণাপত্রের সংখ্যা কম হলেও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ গবেষক কেন্দ্রীয় সরকারের \\\'এক দেশ এক গ্রাহক\\\' (\\\'ওয়ান নেশান ওয়ান সাবস্ক্রিপশন\\\' উদ্যোগে গবেষণাপত্রের তথ্যভান্ডার অনুসন্ধান করে কোথাও ভারতীয় জ্ঞানতন্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ভারতীয় ভাষায় বিশ্ববিদ্যালয়ে বিদ্যাবাচস্পতিস্তরে (পিএইচডি) গবেষণার প্রয়োজনীয়তা এবং গবেষণা প্রতিবেদন প্রকাশের গুরুত্বের ওপর গবেষণাভিত্তিক দাবির সন্ধান পায়নি। অতঃপর, বিদ্যাবাচস্পতিস্তরে বাংলায় সমাজবিজ্ঞানে কতসংখ্যায় গবেষণা কার্য ২০২০-২০২৫ সাল পর্যন্ত সমাপ্ত হয়েছে তার একটি অন্বেষণমূলক গবেষণা করেছে। গবেষণায় উপরোক্ত সংখ্যার অতিস্বল্পতা সূচিত হয়েছে। কেন ভারতীয় ভাষায় গবেষণা ভারতীয় জ্ঞানতন্ত্রের এক গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ তার যুক্তি প্রদর্শনের ক্ষেত্র সৃষ্টির উদ্দেশ্যে অভিধা, ব্যঞ্জনা ও লক্ষণা অনুযায়ী \\\'ভারতীয় জ্ঞানতন্ত্রের\\\' সংজ্ঞা রচনার প্রচেষ্টা পরবর্তীতে করা হয়েছে। এই অনুসন্ধান থেকেই ভাষা ও তন্ত্রের তাত্ত্বিক সমার্থের চিত্র সৃষ্টি হয়েছে। প্রাচ্য-পাশ্চাত্য দুপক্ষেরই দৃষ্টিকোন এখানে গুরুত্ব পেয়েছে। সিদ্ধান্ত হিসেবে ভারতীয় জ্ঞানতন্ত্র চর্চা ভারতীয় ভাষা ব্যাতিত অসম্ভব এমনটিই গৃহীত হয়েছে। ভারতীয় জ্ঞানতন্ত্র চর্চা ঔপনিবেশিকতার ও তার পরবর্তী সময়ের পাশ্চাত্যকরণের প্রবল প্রভাব সত্ত্বেও স্তব্ধ হয়নি এবং ভারতীয় ভাষায় গবেষণা ও অন্য ভাষায় গবেষণার মধ্যে পার্থক্য কোথায় তাত্ত্বিক ও আর্থিক দিক থেকে সেটিও যুক্তি সহকারে ব্যাখ্যাত হয়েছে। তবে অন্য ভাষায় গবেষণা অনুচিত এমন সিদ্ধান্ত না নিয়ে বরং ভারতীয় ভাষাকে প্রাথমিক গুরুত্ব দিয়ে প্রয়োজনে বিদেশী ভাষাকে ব্যবহার করা যেতে পারে- এ সিদ্ধান্তই গৃহীত হয়েছে। প্রধান শব্দ: ভারতীয় জ্ঞানতন্ত্র, বাংলা ভাষা, অভিধা, বাজনা, লক্ষণা