Article Abstract index4

ইতিহাস চর্চায় ঐতিহাসিক রমেশ চন্দ্র দত্ত

Author: Tanuja khatun

DOI: https://doi.org/10.70798/tgjct/010400004

ইতিহাস কেবলমাত্র একটি শব্দ নয়। এই ছোট্ট একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলির অতীত ঘটনাবলি। ইতিহাস শব্দটি এসেছে লাতিন শব্দ “Histor” অর্থাৎ জ্ঞান এবং “Historia” শব্দ থেকে, যার অর্থ অনুসন্ধান, গবেষণা, পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা ও তথ্য অনুসন্ধান। ইতিহাসকে বুঝতে গেলে আমাদের ঐতিহাসিককে জানতে হবে, কারণ ইতিহাস ও ঐতিহাসিক একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইতিহাস হল মানব সমাজের চলমান বা জীবন্ত অতীত। এই অতীত ঘটনাবলিকেই খুঁজে বের করে সঠিক তথ্যের মাধ্যমে বর্তমান পাঠকের সম্মুখে উপস্থাপন করাই হল ঐতিহাসিকের কাজ। ইতিহাস বলতে আমরা কেবল জানতাম রাজা, রানি ও সাম্রাজ্যের উত্থান-পতনের কথা; কিন্তু বর্তমানে ইতিহাসের ধারণায় পরিবর্তন ঘটেছে। ইতিহাসের পরিধি অনেক বেশি সম্প্রসারিত। তার মধ্যে মানুষের জীবনযাত্রা, খেলাধুলা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, পরিবেশ—সবই ইতিহাস চর্চার আলোচনায় স্থান পেয়েছে। ইতিহাস চর্চার ব্যাখ্যায় বহুমুখী ঘরানার সৃষ্টি হয়েছে। তার মধ্যে থেকে এই প্রবন্ধে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা আলোচিত হয়েছে। জাতীয়তাবাদী ইতিহাস চর্চা শুরু হয় উনবিংশ শতাব্দী থেকে। এই সময়কালে অন্যতম প্রধান জাতীয়তাবাদী ইতিহাসবিদ ও অর্থনৈতিক চিন্তাবিদ ছিলেন রমেশচন্দ্র দত্ত। ভারতবর্ষের ইতিহাস চর্চায় তিনি যে নতুন তথ্যের অনুসন্ধান করে ইতিহাসকে এমনভাবে ব্যাখ্যা করেছিলেন, তা শিক্ষার্থীদের কাছে এক নতুন জ্ঞানের আলোকবর্তিকা সৃষ্টি করে। ব্রিটিশ আমলে ভারতের অর্থনৈতিক অবস্থার কথা জানতে হলে রমেশচন্দ্র দত্তের ইতিহাস চর্চা ও ইতিহাস দর্শন সম্পর্কে আলোচনা অবশ্যই প্রয়োজন। ভারতের অর্থনৈতিক ইতিহাস বিষয়ের গবেষণা করতে আগ্রহী পাঠকের কাছে রমেশচন্দ্র দত্তের গবেষণামূলক গ্রন্থগুলির গুরুত্ব অপরিসীম। ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে তিনি এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। দেশের জনগণের দারিদ্র্যের কথা ও তার কারণ তিনি স্পষ্ট ভাষায় তাঁর রচনায় তুলে ধরেছেন। ইতিহাসকে তিনি নতুনভাবে পুনর্নির্মাণ করেছিলেন, যা ভারতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে পুনর্নির্মাণ করে জাতীয়তাবোধ জাগ্রত করেছিল।
Keywords: ইতিহাস চর্চা, জাতীয়তাবাদ, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, ভারতীয় সংস্কৃতি, গৌরবময় অতীত, সমাজচেতনা।