Article Abstract index4

তারাশঙ্করের উপন্যাসে নৈতিক সংকট ও আত্ম অনুসন্ধান

Author: Bulbuli Oraon

DOI: https://doi.org/10.70798/tgjct/010400005

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের একজন প্রধান উপন্যাসিক। তিনি ছিলেন রাঢ়বাংলার বীরভূমের এক জমিদার বংশের সন্তান। উনিশ শতকের একেবারে শেষ প্রহরে—১৮৯৮ খ্রিষ্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তখন সমাজের এক যুগসন্ধি। পল্লীবাংলার জীবনের অভিজ্ঞতা দিয়েই তারাশঙ্কর বাংলা কথাসাহিত্যে আবির্ভূত হয়েছিলেন। আধুনিক উপন্যাসে ভিন্নতর জীবনজিজ্ঞাসার একত্রিত মাত্রা সংযোজনের ক্ষেত্রে তারাশঙ্কর নিঃসন্দেহে স্বাতন্ত্র্যসমুজ্জ্বল। আত্মঅন্বেষণ, যাকে পাশ্চাত্য চিন্তাবিদরা বলেন ‘সার্চ ফর আইডেন্টিটি’—ব্যক্তির সেই সত্তার পরিচয় সন্ধান—এ যুগের মানুষের মনকে বিশেষভাবে আলোড়িত করে। বিগত যুগের স্থির ধর্মবিশ্বাস বা ঈশ্বরনির্ভরতার আশ্রয় নেই একালের মানুষের। তাই সত্তাজিজ্ঞাসা এত তীব্র। একালের মানুষের সেই জিজ্ঞাসার যন্ত্রণার ছবি আঁকতে চেয়েছেন তিনি। ১৯৩০ থেকে তারাশঙ্করের সাহিত্যজীবনের সূচনা। তাঁর সাহিত্য সর্বাংশে জীবনভিত্তিক ও জীবনধর্মী। তারাশঙ্কর ছিলেন জীবনের বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ এক মানুষ। তাঁর জীবনে যে সব বিভিন্ন শ্রেণির মানুষদের বিশেষ মানসিকতার পরিচয় ও জীবনযাত্রার পরিচয় তিনি পেয়েছিলেন, তারাই অবশেষে ভিড় করেছে তাঁর সাহিত্যের পাতায়। মানুষের পরিচয় প্রস্ফুট জীবনের দুইটি ক্ষেত্রে—একদিকে তার ব্যক্তি তথা পারিবারিক জীবনের অন্তরঙ্গ দিক, অপরটি কর্মজীবন অর্থাৎ বহিরঙ্গগত। জীবনের এই দুটি ধারায় সমন্বিত রূপের মধ্যেই তার যথার্থ পরিচয়।
Keywords: আত্মঅন্বেষণ, নৈতিক সংকট, ন্যায়-অন্যায় বোধের সংঘাত, অন্তর্চেতনার দর্পণ, আত্মিক সংগ্রাম, অন্তর্দ্বন্দ্ব, আত্মজিজ্ঞাসা।