ভাদুগান: কাহিনী ও বিশ্লেষণ
Author: Basudeb Halder
DOI: https://doi.org/10.70798/tgjct/010400030
বাংলার লোকসাহিত্যের প্রাচীনতম ধারা হলো লোকসঙ্গীত বা লোকগান। লোকসঙ্গীতগুলি লোকসমাজে তথা মানুষের মুখে মুখে প্রচারিত ও প্রচলিত। উচ্চবিত্ত মানুষের কাছে যা তেমন জনপ্রিয়তা পায়নি। বাংলার বিভিন্ন প্রান্তে, বিশেষত গ্রাম বাংলার বুকে ছড়িয়ে রয়েছে এই সমস্ত জনপ্রিয় লোকগান। বাংলায় জনপ্রিয় লোকগানের মধ্যে ভাদুগান অন্যতম। প্রধানত বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান জেলার আসানসোল, পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি ও হাজারিবাগ জেলায় এই গান বিশেষভাবে প্রচলিত। জনপ্রিয় এই ভাদু গানের সাথে পঞ্চকোট রাজপরিবারের কাহিনী জড়িয়ে রয়েছে। লোককথা অনুযায়ী এই রাজপরিবারের রাজা নীলমণি সিংদেও-এর কন্যারূপে ভদ্রাবতী বা ভাদুকে উপস্থাপন করা হয়েছে। ভদ্রাবতীর জীবনের করুণ কাহিনীর মধ্য দিয়েই ভাদু গানের জন্ম। রাঢ় বাংলার কুমারী মেয়েরা এই গানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ভাদ্র মাসের প্রথম দিন থেকে ভাদ্র সংক্রান্তি পর্যন্ত এই উৎসব চলে। ভাদ্র সংক্রান্তির আগের রাতকে বলা হয় ভাদুর জাগরণ, অর্থাৎ সারারাত ধরে চলে উৎসব। এই গানকে কেন্দ্র করে গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। ভাদুগানের মধ্যে দিয়ে গ্রাম বাংলার মানুষের জীবন-জীবিকা, হাসি-কান্না, সুখ-দুঃখ এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা ফুটে ওঠে। বাংলার মাঠঘাট, চাষীদের ফসল ফলানো, ফসল ঘরে তোলা এবং তাকে কেন্দ্র করে উৎসব পালন—এসবই গানের মধ্যে প্রকাশ পায়। ভাদু গায়করা তাদের আনন্দ ও অনুভূতিগুলিকে গানের মধ্যে ফুটিয়ে তুলে পাঠক বা শ্রোতার মনে গভীর প্রভাব বিস্তার করতে পারেন। কাহিনীসমৃদ্ধ ও জনপ্রিয় এই গান বাংলার সমাজ ও সাহিত্যের এক অমূল্য সম্পদ।
Keywords: লোকসঙ্গীত, ভাদুগান, পঞ্চকোটের রাজপরিবার, ভাদু উৎসব, গ্রাম বাংলার লোককাহিনী।
Keywords: লোকসঙ্গীত, ভাদুগান, পঞ্চকোটের রাজপরিবার, ভাদু উৎসব, গ্রাম বাংলার লোককাহিনী।

