Article Abstract index4

ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান

Author: Joynob Islam

DOI: https://doi.org/10.70798/tgjct/010400043

ভারতবর্ষে রাজা রামমোহন রায়ের জন্মগ্রহণ এমন এক সময়ে, যখন ভারতবর্ষ এক রাজনৈতিক অবক্ষয়, অর্থনৈতিক দুরবস্থা এবং সামাজিক অবক্ষয় ও সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছিল। সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মীয় কুসংস্কার এবং বিভাজনের শক্তি সমাজজীবনকে নিয়ন্ত্রণ করছিল। উনিশ শতকে ভারতবর্ষ সামাজিক অভ্যাস, রাজনীতি, শিল্পকলা, ধর্ম—সবকিছুতেই এক নিম্নতম সামাজিক মূল্যবোধ এবং বহু শিক্ষা ব্যবস্থার সংকীর্ণতায় আবদ্ধ হয়ে পড়েছিল। রামমোহন কলকাতায় স্থায়ীভাবে বসবাস করতে আসেন, যখন কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী ছিল এবং রাজনীতি ও সরকারি ব্যবস্থার প্রধান কেন্দ্র ছিল। তিনি সেখান থেকেই তার শিক্ষা ও দর্শনের মাধ্যমে ভারতীয় সমাজের মধ্যে প্রচলিত সংস্কারাচ্ছন্ন মধ্যযুগীয় চিন্তাভাবনাকে সমালোচনা করতে থাকেন। এই সমালোচনার সূত্র ধরে আধুনিকতার একটি বাতাবরণ ভারতীয় রাজনীতি ও সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থায় প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায়কে এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় আধুনিক সমাজের প্রবর্তক হিসেবে আখ্যায়িত করেছেন। রামমোহন ছিলেন এক নতুন যুগের প্রবর্তক, যেখানে তিনি ধর্মীয় সংস্কার এবং দীর্ঘকাল যাবৎ প্রচলিত নিষ্ঠুর সামাজিক অভ্যাস ও কুসংস্কারগুলিকে উৎখাত করার প্রচেষ্টা চালান। উপনিষদ ও বেদের সংস্পর্শে তিনি হিন্দুধর্মের পুনরুত্থান প্রত্যাশা করেছিলেন। তিনি চেয়েছিলেন ইংল্যান্ডে প্রচলিত আইনের শাসন প্রতিষ্ঠা ব্রিটিশ ভারতে কার্যকর হোক। পাশ্চাত্যের মানুষ যখন ভারতবর্ষ সম্পর্কে খুব কম জানত, সেই সময়ে তিনি প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার মধ্যে এক গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করেছিলেন। এই কারণেই জেরেমি বেন্থাম তাকে মানবজাতির সেবক রূপে ঘোষণা করেছিলেন। খ্রিস্টান মিশনারি এবং গোঁড়া হিন্দুবাদীদের আক্রমণ তাকে সহ্য করতে হয়েছিল। তিনি ইংরেজ শাসনকে আশীর্বাদ মনে করতেন এবং ভারতের সার্বিক উন্নতির জন্য উন্নত চরিত্রের ইউরোপীয়দের ভারতে এসে বসবাসের প্রস্তাব রাখেন। রামমোহনই ছিলেন প্রথম ভারতীয়, যিনি ভারতের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন। তাকে মানব আত্মার প্রতীক বলে অভিহিত করেছেন— ম্যাক্স মুলার থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সকলেই।
Keywords: Renaissance, Social Reform, Sati System, Women Education, Rights, Brahmo Samaj, Western Education, Thoughts