Article Abstract index4

বিংশ শতাব্দীর ষাট এবং সত্তরের দশকের বাংলা সাহিত্যে নারী সাহিত্যিকদের লেখায় লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী চিন্তাধারা

Author: Madhurima Prava Halder

DOI: DOI: https://doi.org/10.70798/tgjct/010400054

বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলা সাহিত্যে বিভিন্ন নারী সাহিত্যিকদের লেখায় তৎকালীন সমাজের লিঙ্গবৈষম্য, নারী-নিপীড়ন তথা শোষণ এবং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদী স্পর্ধা ধ্বনিত হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে। সেই সময়ের এই প্রতিবাদী চেতনা নারীবাদী লেখনীর আঙ্গিকে যে অসাধারণ সাহিত্যিক রূপ লাভ করেছিল, তা সেই সময়কার সমাজমানসকে নাড়া দিয়ে আজকের পরিবর্তিত সমাজেও একইভাবে প্রাসঙ্গিকতা দাবি করে চলেছে এবং আধুনিককাল ধরে তা চলবেও। বিংশ শতাব্দীর সমাজমানসে প্রচলিত দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়া সেইসব অসাধারণ নারীরা প্রথাগত অবরুদ্ধ জীবনের গণ্ডি পেরিয়ে আত্মপরিচয়, অর্থনৈতিক স্বাধীনতা, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ প্রভৃতি বিষয় নিয়ে কলম ধরেন। ষাটের দশকের পরে সত্তরের দশকেও কলমের লেখনী ক্রমান্বয়ে আরও ধারালো হয়ে ওঠে, যেখানে নারীদের ব্যক্তিস্বাধীনতা, দৈহিক অস্তিত্ব এবং সামাজিক বিধিনিষেধ ভাঙার বিষয়টি জোরালোভাবে প্রাধান্য পায়। উল্লেখযোগ্য ওই দুই দশকের নারী লেখিকাদের মধ্যে যাঁদের নাম প্রাতঃস্মরণীয়, তাঁরা হলেন— আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, কবিতা সিংহ প্রমুখ। আলোচ্য প্রতিবেদনে এক নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে উপরোক্ত লেখিকাদের লেখায় লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদমূলক চিন্তাধারা কীভাবে প্রতিফলিত হয়েছে, তার ওপর আলোকপাত করা হলো। উক্ত নারী লেখিকাদের সৃষ্ট নারী চরিত্র, তাদের পৃথক পৃথক স্বাতন্ত্র্য বজায় রেখে কীভাবে হয়ে উঠেছে এক একজন দৃঢ়চেতা, প্রতিবাদী সত্তা, তা এই প্রবন্ধে আলোচিত হয়েছে।
Keywords: নারীবাদী ভাবনা, লিঙ্গবৈষম্য, প্রতিবাদী সত্তা, পুরুষতান্ত্রিকতা, সমাজমানস, নারী-নিপীড়ন