Article Abstract

জাতীয় শিক্ষানীতি ২০২০ ও শিক্ষক শিক্ষার রূপান্তর : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

Author: Dr. Rupkumar Panda

জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020) ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে, যেখানে শিক্ষক শিক্ষাকে গুণগত ও কাঠামোগত রূপান্তরের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিক্ষকের ভূমিকা ও দায়িত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করে এই নীতি শিক্ষক শিক্ষাকে একটি পেশাগত, বহুবিষয়ক, মূল্যবোধভিত্তিক এবং প্রযুক্তিনির্ভর প্রস্তুতি প্রক্রিয়া হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। বর্তমান গবেষণার উদ্দেশ্য হলো জাতীয় শিক্ষানীতি ২০২০–এর আলোকে শিক্ষক শিক্ষার রূপান্তরমূলক দিক, সম্ভাবনা, বাস্তবায়নজনিত চ্যালেঞ্জ এবং কার্যকর বাস্তবায়নের কৌশলসমূহ বিশ্লেষণ করা। এই গবেষণাটি গুণগত প্রকৃতির এবং সম্পূর্ণরূপে পর্যালোচনাভিত্তিক। গবেষণার জন্য প্রাথমিক উৎস হিসেবে জাতীয় শিক্ষানীতি ২০২০–এর নীতিনথি এবং গৌণ উৎস হিসেবে ভারতীয় একাডেমিক জার্নাল, নীতিগত প্রতিবেদন ও প্রাতিষ্ঠানিক প্রকাশনা ব্যবহার করা হয়েছে। বিশ্লেষণে দেখা যায় যে চার বছরের সমন্বিত বি.এড. কর্মসূচি, পেশাগত মানোন্নয়ন, গবেষণাভিত্তিক শিক্ষক প্রস্তুতি এবং প্রযুক্তির সংযোজন শিক্ষক শিক্ষার গুণগত উন্নয়নে উল্লেখযোগ্য সম্ভাবনা সৃষ্টি করেছে। তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব, শিক্ষক-শিক্ষকের প্রস্তুতির ঘাটতি, অর্থায়ন সমস্যা এবং নীতি ও বাস্তব প্রয়োগের মধ্যে ব্যবধান এই রূপান্তরের পথে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। মূল শব্দ : জাতীয় শিক্ষানীতি ২০২০, শিক্ষক শিক্ষা, পেশাগত উন্নয়ন, শিক্ষাগত রূপান্তর, নীতি বাস্তবায়ন।